
রাজধানী ঢাকার কচি-কাঁচা মিলনায়তনে জেএ টিভির উদ্যোগে দিনব্যাপী প্রতিনিধি কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। ১৮ মে ২০২৬, সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত জেএ টিভির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ কর্মশালায় ওপেন সোর্স ইন্টেলিজেন্স (ওসিন্ট), জনস্বার্থে সাংবাদিকতা এবং মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালার প্রথম সেশনে ওসিন্ট (OSINT) বা ওপেন সোর্স ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করা হয়। এতে ইন্টারনেটে উন্মুক্তভাবে পাওয়া তথ্য, ছবি ও ভিডিও বিশ্লেষণের মাধ্যমে সংবাদের সত্যতা যাচাই করার কৌশল শেখানো হয়। বিশেষ করে গুগল রিভার্স ইমেজ সার্চ, জিওলোকেশন যাচাই, সোশ্যাল মিডিয়া ভেরিফিকেশন এবং বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।
জনস্বার্থে সাংবাদিকতা বিষয়ক সেশনে দুর্নীতি, অনিয়ম ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল, সাংবাদিকদের আইনি সুরক্ষা, তথ্য সংগ্রহের নৈতিকতা এবং তথ্যসূত্রের গোপনীয়তা রক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া মাল্টিমিডিয়া অনলাইন সাংবাদিকতা সেশনে টেক্সট, ছবি, ভিডিও ও ইনফোগ্রাফিকের সমন্বয়ে আকর্ষণীয় সংবাদ উপস্থাপন এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ও সোশ্যাল মিডিয়ায় কার্যকরভাবে সংবাদ পরিবেশনের আধুনিক কৌশল তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস। তিনি বলেন:
“ডিজিটাল যুগে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা অর্জন এখন সময়ের দাবি। তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সাংবাদিকতা করাই বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব নবী উল্লাহ নবী। জেএ টিভির চেয়ারম্যান এম জি কিবরিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন : বদরুল আলম নাবিল (নির্বাহী সম্পাদক, বাংলাভিশন অনলাইন অ্যান্ড ডিজিটাল) অমৃত মলঙ্গী (হেড অব অনলাইন, দৈনিক কালবেলা) জয় কর্মকার (হেড অব ডিজিটাল, জেএ টিভি) এছাড়াও আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসমাইল হোসেন জাকির, মো: ফারুক হোসেন, মোঃ রফিকুল ইসলাম মানিক এবং আল মামুন এলিট সাগর। কর্মশালাজুড়ে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে সাংবাদিকতার বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও তত্ত্বাবধানে ছিলেন জেএ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাসান আলী। তিনি প্রতিনিধিদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন জেএ টিভির হেড অব নিউজ ওমর ফারুক রবিন এবং সঞ্চালনা করেন শিহাব শেখ ও সবুজ বাঙালি।
কর্মশালা শেষে অংশগ্রহণকারী প্রতিনিধিদের পেশাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। সবশেষে প্রতিনিধিদের মাঝে সনদ বিতরণের পর সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :