
মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণে সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। এ গৌরবময় অর্জনের স্বীকৃতি হিসেবে পুলিশ সপ্তাহ-২০২৬ এ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির এর হাত থেকে সম্মাননা পুরস্কার গ্রহণ করেছেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
রাজধানীতে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২৬ এর বর্ণাঢ্য অনুষ্ঠানে দেশের বিভিন্ন ইউনিট ও জেলার মধ্যে মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলা পুলিশকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা তুলে দেওয়া হয় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের হাতে।
জানা গেছে, ময়মনসিংহ জেলা পুলিশ দীর্ঘদিন ধরে মাদক নির্মূলে ধারাবাহিক ও পরিকল্পিত অভিযান পরিচালনা করে আসছে। জেলা পুলিশের বিভিন্ন ইউনিট—ডিবি, থানা পুলিশ ও বিশেষ টিম—সমন্বিতভাবে কাজ করে মাদক ব্যবসায়ী ও চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা, আধুনিক গোয়েন্দা তৎপরতা জোরদার এবং তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়েছে।
বিশেষ করে সীমান্তবর্তী ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদক পাচার রোধে চেকপোস্ট জোরদার এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে এ সাফল্য অর্জিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতামূলক সভা, সেমিনার ও প্রচারণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ জনগণের মধ্যেও সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
পুরস্কার গ্রহণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “এই স্বীকৃতি ময়মনসিংহ জেলা পুলিশের প্রতিটি সদস্যের নিষ্ঠা, পরিশ্রম ও সাহসিকতার ফল। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও আরও দৃঢ়ভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে গণমাধ্যম, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিকে, ময়মনসিংহ জেলা পুলিশের এ অর্জনে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সন্তোষ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের জাতীয় পর্যায়ের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও মনোবল আরও বাড়াবে এবং মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করবে।
উল্লেখ্য, প্রতি বছর পুলিশ সপ্তাহে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাদের কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়, যা বাহিনীর সদস্যদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :