বগুড়ার শেরপুরে হাফেজিয়া কওমী মাদরাসা ছাত্রদের কারিগরি প্রশিক্ষণ প্রদান | Daily AjKaler Kontho

বগুড়ার শেরপুরে হাফেজিয়া কওমী মাদরাসা ছাত্রদের কারিগরি প্রশিক্ষণ প্রদান


জাফর ইকবাল , শেরপুর বগুড়া প্রতিনিধি: প্রকাশের সময় : মে ৮, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
বগুড়ার শেরপুরে  হাফেজিয়া কওমী মাদরাসা ছাত্রদের কারিগরি প্রশিক্ষণ প্রদান

বগুড়া জেলার শেরপুর উপজেলা-এর মির্জাপুর ইউনিয়নের ব্র্যাক বটতলা এলাকায় অবস্থিত নূরে মদিনা হাফেজিয়া কওমী মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এলাকায় সুনাম অর্জন করেছে। সাধারণত কওমী মাদরাসাগুলোতে ধর্মীয় শিক্ষার ওপর বেশি গুরুত্ব দেওয়া হলেও, এই প্রতিষ্ঠানটি দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের কর্মমুখী ও স্বাবলম্বী করে গড়ে তুলতে কারিগরি শিক্ষারও ব্যবস্থা করেছে।

দ্বীনি ও কারিগরি শিক্ষার সমন্বয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, একজন শিক্ষার্থীকে শুধু ধর্মীয় জ্ঞানেই নয়, বাস্তব জীবনেও দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। সে উদ্দেশ্যে মাদরাসাটিতে হিফজ ও কিতাব বিভাগের পাশাপাশি চালু করা হয়েছে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম।

এখানে শিক্ষার্থীরা পবিত্র কুরআনের হাফেজ হওয়ার পাশাপাশি কম্পিউটার পরিচালনা, গার্মেন্টস কাজ, গাড়ি চালনা, ইলেকট্রিক্যাল ও ওয়েল্ডিং ওয়ার্কশপের মতো বিভিন্ন বৃত্তিমূলক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করছে। ফলে শিক্ষা জীবন শেষে তারা সমাজের বোঝা না হয়ে দক্ষ জনশক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
লিল্লাহ বোর্ডিং ও মানবিক উদ্যোগ,মাদরাসার লিল্লাহ বোর্ডিংয়ে এতিম, অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। সমাজের বিত্তবান ও দানশীল মানুষের সহায়তায় পরিচালিত এই বোর্ডিং দরিদ্র পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ সৃষ্টি করেছে।

স্থানীয় এলাকাবাসী ও প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, দ্বীনি শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের এই উদ্যোগ মাদরাসা শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তারা আশা প্রকাশ করেন, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদে পরিণত হবে।ইসলামী মূল্যবোধ ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে নূরে মদিনা হাফেজিয়া কওমী মাদরাসা ও লিল্লাহ বোর্ডিং আজ শেরপুর অঞ্চলে এক আলোকবর্তিকা হিসেবে কাজ করছে। সমাজের বিত্তবান ও সচেতন মহল এগিয়ে এলে প্রতিষ্ঠানটির সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে আশা করা হচ্ছে।

আজকালের কন্ঠ/আরএস