
কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বারেরা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ এপ্রিল) বিকেল আনুমানিক ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা থানার গাজিরহাট দারোয়া গ্রামের বাসিন্দা দিদার মিয়ার স্ত্রী রৌশনারা বেগম (৩২) এবং তার ছেলে ইয়ামিন (৬)।
আহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাউশা গ্রামের তাজুল ইসলাম (৬৫) ও তার স্ত্রী মনোয়ারা (৬০)সহ আরও একজন। হতাহতরা কুমিল্লায় এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :