
সামান্য একটি সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে সিলেটের গোলাপগঞ্জে পারিবারিক বিরোধ রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে। এতে একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন অভিযুক্তরা। তবে শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের চন্দরপুর বাণীগাজী গ্রামের বাসিন্দা সেলিম উদ্দিন (৪৩) এবং তার ছেলে শাফী আহমদ (২১)। তারা উভয়েই মামলার এজাহারভুক্ত আসামি।
বাদীপক্ষের আইনজীবী মাকসুদ আহমদ সাহান জানান, ঘটনার গুরুত্ব ও প্রাথমিক তদন্তের ভিত্তিতে আদালত জামিন আবেদন খারিজ করেছেন। তিনি বলেন, “ভুক্তভোগীদের ওপর হামলার বিষয়টি গুরুতর হওয়ায় আদালত কঠোর অবস্থান নিয়েছেন।”
মামলা সূত্রে জানা যায়, গত ১ এপ্রিল বাড়ির সামনে সিঁড়ি নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব চরমে পৌঁছে। একপর্যায়ে তা সহিংস রূপ নেয় এবং প্রতিপক্ষের হামলায় একই পরিবারের বাবা, মা ও মেয়ে গুরুতর আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
ঘটনার পর ৩ এপ্রিল আহত আমির উদ্দিনের মেয়ে বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন (মামলা নং- ৫৯/০৩.০৪.২০২৬)।
এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং তারা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।
এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :