বধির শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ | Daily AjKaler Kontho

বধির শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ


রাঙ্গামাটি জেলা প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
বধির শিক্ষার্থীদের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ

প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। তিনি বলেন, বধির শিশুদের শিক্ষা ও সামাজিক সহায়তা নিশ্চিত করা সমাজের সকল মানুষের নৈতিক দায়িত্ব।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় রাঙ্গামাটি শহরের আসামবস্তি এলাকায় অবস্থিত রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে বধির ছাত্র-ছাত্রী ও সদস্যদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল আল হকের সভাপতিত্বে এবং রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সভাপতি ও চিত্রশিল্পী মোঃ ইব্রাহিম (মাস্টার), বিশিষ্ট সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি, রাঙ্গামাটি বধির কল্যাণ সমিতির সহ-সভাপতি মোঃ সাগর আলী (বধির) এবং সাধারণ সম্পাদক টিটু চৌধুরী (বধির)।

হাবীব আজম বলেন, সমাজের সবাই এগিয়ে এলে বধির ও প্রতিবন্ধী শিশুদের জীবন আরও সুন্দর ও সম্ভাবনাময় হয়ে উঠবে। তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই মাসে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বধির (বাক্-শ্রবণ) ছাত্র-ছাত্রী ও সদস্যদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়।

আজকালের কন্ঠ/আর বি