সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিজিবি | Daily AjKaler Kontho

সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিজিবি


মোঃ আতিয়ার রহমান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি : প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ন
সাতক্ষীরা/কলারোয়া সীমান্তে মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিজিবি

অদ্য ১২ মার্চ ২০২৬ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর ব্যাটালিয়ন সদর এবং অধীনস্থ বৈকারী, তলুইগাছা, মাদরা ও চান্দুরিয়া বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৬৩২ পিস সিটি গোল্ডের বালা, ১৯ বোতল উইনসিরাক্স সিরাপ ও আরসি কফ সিরাপসহ ঔষধ, শাড়ি ও বাজি কিংস কোবরা আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ঝিকড়া কোল্ড ষ্টোরেজ মোড় নামক স্থান হতে ২৬,৩২,০০০/-টাকা মূল্যের ভারতীয় সিটি গোল্ডের বালা আটক করে।

বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ৭/১৯ এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নতুন পাড়া নামক স্থান হতে ৭২,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ, উইন সিরেক্স কফ সিরাপ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ১২/৬ ও মেইন পিলার ১৩ হতে আনুমানিক ৩০০ ও ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন চারাবাড়ি ও পাকা রাস্তা নামক স্থান হতে ১,৬০,৫০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বাজি কিংস কোবরা আটক করে।

এছাড়া চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬ আরবি হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আম বাগান নামক স্থান হতে ৫,৬০০/-টাকা মূল্যের ভারতীয় আরসি কফ সিরাপ আটক করে।আভিযানিক দল সর্বমোট=৩০,১০,১০০/-(ত্রিশ লক্ষ দশ হাজার একশত) টাকা মূল্যের মাদক/চোরাচালানী মালামাল আটক করে।চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়।

এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

আজকালের কন্ঠ/ আর এস/এ