মান্দায় বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ | Daily AjKaler Kontho

মান্দায় বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ


মান্দা (নওগাঁ) প্রতিনিধি প্রকাশের সময় : মার্চ ১১, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
মান্দায় বিআরডিবি কর্মকর্তার বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা আফজাল হোসেনের বিরুদ্ধে নিয়মিত অফিস ফাঁকির অভিযোগ উঠেছে।

অভিযোগের সত্যতা যাচাই করতে বুধবার সকাল থেকে গণমাধ্যমকর্মীরা বিআরডিবি কার্যালয়ে অবস্থান নেন। আজ বুধবার (১১ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত অপেক্ষা করেও ওই কর্মকর্তার দেখা মেলেনি।

সরকারি কর্মচারী আইন–২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা–২০১৯ অনুযায়ী সরকারি কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করার কথা রয়েছে। কিন্তু এসব নিয়মের তোয়াক্কা না করেই আফজাল হোসেন দীর্ঘদিন ধরে ইচ্ছামতো অফিসে আসা–যাওয়া করেন বলে অভিযোগ অনেকের।

নাম প্রকাশে অনিচ্ছুক বিআরডিবির এক কর্মচারী জানান, আফজাল হোসেন রাজশাহী থেকে মান্দায় নিয়মিত অফিস করেন। প্রায় প্রতিদিনই তিনি ১ থেকে ২ ঘণ্টা দেরিতে অফিসে আসেন এবং নির্ধারিত সময়ের দুই এক ঘণ্টা আগেই তিনি অফিস ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন গণমাধ্যমকর্মীদের উপর চড়াও হোন এবং ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি কখন অফিস করবো, সেই কৈফিয়ত কি আপনাদের দিতে হবে?”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

আজকালের কন্ঠ/আর বি