একদিনে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করল আলীকদম থানা পুলিশ | Daily AjKaler Kontho

একদিনে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করল আলীকদম থানা পুলিশ


মো.জয়নাল আবেদীন, বান্দরবান জেলা প্রতিনিধি প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৮, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
একদিনে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার করল আলীকদম থানা পুলিশ

বান্দরবানের দুর্গম পাহাড়ি উপজেলা আলীকদমে পৃথক দুটি মামলার তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ’র সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) ইয়ামিন আহমেদ মিশু, এএসআই (নিঃ) রনেশ বড়ুয়া, এএসআই (নিঃ) মাহমুদুল হাসান, এএসআই (নিঃ) রাজীব দে, এএসআই (নিঃ) তাইফুল ইসলাম ও এএসআই (নিঃ) প্রনব দাশ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় সমন্বিত অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিআর নং–৭১/২৫ ইং, ধারা ৩২৩/৪০৬/৪২০/৫০৬ (২য় অংশ) মামলার আসামি মনচুর আলম (৪০), পিতা মৃত মগবুল আহম্মদ, সাং- তারাবুনিয়া পাড়া, ৬নং ওয়ার্ড, চৈক্ষ্যং ইউনিয়নকে গ্রেফতার করা হয়। একই দিনে সিআর নং–৩১/২৫ ইং, ধারা ১৪৩/৪৪৭/৩৭৯/৫০৬ (২য় অংশ) মামলার দুই সহোদর আসামি নুরুল ইসলাম (৩২) ও নুরুল আবছার (৪৬), উভয়ই মৃত আজিজুর রহমানের পুত্র, সাং- মন্নান মেম্বার পাড়া, ৪নং ওয়ার্ড, আলীকদম থেকে আটক করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তারা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অবস্থান নিশ্চিত করে দ্রুত গ্রেফতার করা সম্ভব হয়। অভিযানের সময় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে চালান মোতাবেক কঠোর নিরাপত্তায় পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। মামলার আসামিদের দ্রুত গ্রেফতার করতে পেরে আমরা সন্তুষ্ট। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনতেই হবে। জনগণের সহযোগিতা থাকলে অপরাধ দমন আরও সহজ হবে।

তিনি আরও বলেন, আলীকদমকে নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে নিয়মিত অভিযান, ওয়ারেন্ট তামিল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা বলছে, সাম্প্রতিক সময়ে থানার সক্রিয়তা বৃদ্ধি পাওয়ায় এলাকায় অপরাধ প্রবণতা কমছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার হয়েছে। নিয়মিত অভিযান ও দ্রুত আইনগত পদক্ষেপের ফলে পুলিশের প্রতি জনআস্থা বাড়ছে বলেও তারা মনে করছেন।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আলীকদম থানার এ অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি