
আইন ও আন্দোলনের অভিজ্ঞতায় এগিয়ে অ্যাডভোকেট রোজিনা পারভীন, সংরক্ষিত মহিলা আসনে দেখতে চায় এলাকাবাসী
আইন পেশা, সংগঠন ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা নিয়ে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন অ্যাডভোকেট রোজিনা পারভীন। দলীয় কর্মসূচি, রাজপথের আন্দোলন এবং আইনজীবী সংগঠনের কার্যক্রমে ধারাবাহিক অংশগ্রহণের মাধ্যমে তিনি একটি পরিচিত ও আলোচিত মুখে পরিণত হয়েছেন। স্থানীয় অনেকেই তাকে বরিশাল সংরক্ষিত মহিলা আসন-৫ থেকে জাতীয় সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
১৯৮৬ সালের ২৪ মে নড়াইল জেলার নড়াইল সদর উপজেলার মাগুরা মধ্যপল্লী গ্রামে জন্মগ্রহণ করেন রোজিনা পারভীন। তার পিতা মোহাম্মদ ওলিয়ার রহমান এবং মাতা আমিরুন নেসা। তিনি বিবাহিতা। তার স্বামীর নাম মোহাম্মদ হেমায়েত উদ্দিন হিমু।
শিক্ষাজীবনে তিনি বিএ (অনার্স), এমএ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টে আইনজীবী হিসেবে নিয়োজিত পাশাপাশি আইনজীবী ফোরামের একজন সক্রিয় মহিলা সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত আছেন।
ছাত্রজীবন থেকেই তার রাজনৈতিক পথচলা শুরু। কলেজে অধ্যয়নকালে ছাত্ররাজনীতির মাধ্যমে সক্রিয় হন এবং পরবর্তীতে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে থাকেন। বিগত ষোলো বছর ধরে তিনি আন্দোলন-সংগ্রামে সক্রিয় রয়েছেন। রাজপথের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তার নিয়মিত উপস্থিতি তাকে দলীয় রাজনীতিতে একটি দৃশ্যমান অবস্থানে নিয়ে এসেছে। সংগ্রামী ঢাকা আইনজীবী সমিতির সঙ্গেও তিনি সক্রিয়ভাবে যুক্ত।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আইন পেশায় অভিজ্ঞতা, উচ্চশিক্ষা এবং দীর্ঘদিনের সাংগঠনিক সম্পৃক্ততা তাকে ভবিষ্যতে বৃহত্তর পরিসরে ভূমিকা রাখার সুযোগ এনে দিতে পারে। এলাকাবাসীর প্রত্যাশা, তিনি সংরক্ষিত মহিলা এমপি আসনে মনোনয়ন পেলে নারী নেতৃত্বের ক্ষেত্রে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :