অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: ডা. শফিকুর রহমান | Daily AjKaler Kontho

অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: ডা. শফিকুর রহমান


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ১:২৩ অপরাহ্ন
অতীতে আমাদের সঙ্গে যা হয়েছে, সব মাফ করে দিয়েছি: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান বলেছেন, অতীতে আমাদের সাথে যা যা হয়েছে আমরা তা দলের পক্ষ থেকে ক্ষমা করে দিলাম। আমরা প্রতিশোধের রাজনীতি, চাঁদাবাজি ও দুর্নীতিতে জড়াবো না কথা দিয়েছি। আমরা আমাদের কথা রেখেছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নির্বাচনী প্রচারণা শেষে ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জের মুকসুদপুর বাসস্ট্যান্ডের এক পথসভায় তিনি একথা বলেন।

এই পথসভাকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই মুকসুদপুর কলেজ মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হন। এ সময় তারা স্লোগান দেন।

সমাবেশে জামায়াত আমির বৈষম্যহীন ও সহিংসতামুক্ত বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আগামীর প্রজন্মের জন্য পারস্পরিক হিংসামুক্ত, ঐক্যের বাংলাদেশ গড়তে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। জালিমকে কারও দিকে হাত বাড়াতে দেব না।

তিনি বলেন- ধোঁকাবাজি, ব্যাংক ডাকাতি কিংবা শেয়ারবাজার লুটপাটের রাজনীতি আমরা করতে চাই না। আমাদের রাজনীতি দেশের মালিক হওয়ার জন্য নয়, দেশের সেবক হওয়ার জন্য।

নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, আল্লাহর দরবারে দোয়া করি ১২ তারিখ যেন একটি সুষ্ঠু নির্বাচন হয়। এই নির্বাচনের মধ্য দিয়ে অতীতের দুঃখ–দুর্দশার রাজনীতির কবর রচনা হয়ে নতুন রাজনীতির সূর্য উদয় হোক।

আজকালের কন্ঠ/আর বি