রোগীর চোখ নিয়ে ব্যবসা: রায়পুরে তিনটি চক্ষু হাসপাতাল সিলগালা | Daily AjKaler Kontho

রোগীর চোখ নিয়ে ব্যবসা: রায়পুরে তিনটি চক্ষু হাসপাতাল সিলগালা


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
রোগীর চোখ নিয়ে ব্যবসা: রায়পুরে তিনটি চক্ষু হাসপাতাল সিলগালা

লক্ষ্মীপুরের রায়পুরে চোখের রোগীদের সঙ্গে প্রতারণা করে অবৈধভাবে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে তিনটি চক্ষু হাসপাতাল সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। দীর্ঘদিন ধরে চিকিৎসক ছাড়াই এসব প্রতিষ্ঠানে চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রায়পুর বাসটার্মিনাল এলাকায় অবস্থিত ভিশন সেন্টার, রায়পুর চক্ষু হাসপাতাল ও রায়পুর অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল–এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন।

অভিযানকালে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মামুনুর রশীদ পলাশ, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকরা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলগালাকৃত প্রতিষ্ঠানগুলোতে কোনো অনুমোদিত চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক না থাকলেও নিয়মিত রোগী দেখানো, পরীক্ষা-নিরীক্ষা ও চশমা বিক্রিসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছিল। এমনকি ডাক্তারের সহকারী হয়েও নিজেদের ‘ডাক্তার’ পরিচয় দিয়ে রোগীদের বিভ্রান্ত করা হচ্ছিল।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবু হাসান শাহীন জানান, লাইসেন্স ও স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন ছাড়া চিকিৎসা প্রতিষ্ঠান পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। রোগীদের জীবন ও চোখের মতো সংবেদনশীল অঙ্গ নিয়ে কেউ যেন ব্যবসা করতে না পারে, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার বিভিন্ন উপজেলায় এ ধরনের অবৈধ চিকিৎসা কেন্দ্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি