ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে আতঙ্কের নাম বিএসআরএমের স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক | Daily AjKaler Kontho

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে আতঙ্কের নাম বিএসআরএমের স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক


মিরসরাই প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ৫:১২ অপরাহ্ন
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে আতঙ্কের নাম বিএসআরএমের স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাক

ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী বিএসআরএমের স্ক্র্যাপবাহী ড্রাম ট্রাকগুলো দিন দিন ভয়ংকর হয়ে উঠছে। অনিয়ন্ত্রিত গতি, অবহেলা ও বেপরোয়া চালনার কারণে এসব ট্রাক প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের প্রাণ। বহু মানুষ পঙ্গুত্ব বরণ করছেন, সৃষ্টি হচ্ছে স্থায়ী মানবিক বিপর্যয়।

আজ সকালে মিরসরাই উপজেলার মিঠাছরা বাইপাস এলাকায় বিএসআরএমের একটি লরির চাপায় এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার মৃত্যুতে দেড় মাস বয়সী এক পুত্র সন্তান অনাথ হয়ে পড়েছে। পরিবার ও স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

এছাড়া একই দিন মিরসরাই পৌরসদর এলাকায় বিএসআরএমের একটি স্ক্র্যাপবাহী লরি উল্টে গিয়ে প্রায় ৪০ মিনিট ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চট্টগ্রাম শহরে নিয়মিত যাতায়াতকারী শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

এর আগেও গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে, বিএসআরএমের একটি ড্রাম ট্রাকের ধাক্কায় দৈনিক জনতার মিরসরাই প্রতিনিধি সাংবাদিক আবদুল মন্নান রানা গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার দুই পা থেঁতলে যায় এবং তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, একের পর এক প্রাণহানি ঘটলেও এসব দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতির কারণে সড়কে মৃত্যুর মিছিল থামছে না।

সচেতন মহল দ্রুত বিএসআরএমের স্ক্র্যাপবাহী ট্রাক চলাচলের ওপর কঠোর নজরদারি, চালকদের জবাবদিহি নিশ্চিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজকালের কন্ঠ/আর বি