জনস্বার্থে রায়পুরে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান | Daily AjKaler Kontho

জনস্বার্থে রায়পুরে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : জানুয়ারী ১৫, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ন
জনস্বার্থে রায়পুরে অবৈধ মাটি কর্তনের বিরুদ্ধে অভিযান

রায়পুর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে টপ সয়েল (উপরি মাটি) কর্তনের অভিযোগের প্রেক্ষিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার ৩নং চরমোহনা ইউনিয়নের খাসেরডুগি ও চর আবাবিল ইউনিয়নের উদমারা এলাকার একাধিক স্থানে বিনা অনুমতিতে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় অবৈধভাবে টপ সয়েল কর্তনের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি অবৈধ কাজে ব্যবহৃত ৩টি শ্যালো পাম্প জব্দ করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা করে রায়পুর থানা পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার ফলে কৃষিজমির ক্ষতি হচ্ছে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার ঝুঁকি সৃষ্টি হচ্ছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রশাসন এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় অবৈধ মাটি কর্তনসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/আর বি