
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির সঙ্গে আওয়ামী লীগ নেতাদের নেতৃত্বে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের প্রায় ২০০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
রোববার (২১ ডিসেম্বর) রাতে দেবিদ্বারে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বাসভবনে আনুষ্ঠানিকভাবে এই যোগদান অনুষ্ঠিত হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা জানিয়ে নবাগত নেতাকর্মীদের বরণ করে নেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি এবং তার ছেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি।
জানা গেছে, দেবিদ্বার উপজেলার ১নং বড়শালঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম (ঝাড়ু) চেয়ারম্যানের নির্দেশনায় দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী এবং আওয়ামী লীগ নেতা টিটু মইশানের নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। তবে চিকিৎসাজনিত কারণে জহিরুল ইসলাম ওরুফ ঝাড়ু চেয়ারম্যান বর্তমানে বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
অনুষ্ঠানটি ছিল জমকালো। যোগদানকারী আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা নিউমার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির বাসভবনে পৌঁছান। এ সময় তারা ‘মঞ্জু ভাইয়ের সালাম আমরা দিয়ে গেলাম’, ‘শালঘরের সালাম আমরা দিয়ে গেলাম’সহ বিভিন্ন স্লোগান দেন।
সদ্য বিএনপিতে যোগদানকারী আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে রয়েছেন— দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলম হাজারী, বড়শালঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিয়া রুবেল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সামসুল হক, মো. নাজমুল, আতাউর রহমান সয়ন, জানু মিয়া, মো. ইদ্রিস খান, ফরিদ হাজারী, শাহ আলীসহ আরও অনেকে।
এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সি বলেন, “আওয়ামী লীগের পদধারী নেতাদের বিএনপিতে যোগদান খুবই দুঃখজনক। তারা যদি সমর্থক হিসেবে থাকতেন, সেটি গ্রহণযোগ্য হতো। বিষয়টি দলের হাইকমান্ডের কাছে জানানো হবে এবং কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে যোগদানের বিষয়ে জানতে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে যোগদান অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমার অনেক কাছের জারু কাকা, জারু চেয়ারম্যানের নেতৃত্বে বড়শালঘরের একটি অংশ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আপনাদের সবাইকে স্বাগত জানাই।”
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :