লোহাগড়ায় যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন | Daily AjKaler Kontho

লোহাগড়ায় যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন


নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন
লোহাগড়ায় যুবককে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রামের বিএনপি সমর্থিত গ্রুপের মো. পটু শেখ নামের এক যুবককে পিটিয়ে হাত, পা ভেঙ্গে দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রতিপক্ষের লোকজন।

শনিবার (২৯ নভেম্বর) সকালে দীর্ঘদিনের বিএনপি সমর্থিত গ্রুপ ও আওয়ামী লীগ সমর্থিত গ্রুপের মধ্যে অধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে এ হামলার শিকার হন মো. পটু শেখ।

মো. পটু শেখ (৪৫) উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পার মল্লিকপুর গ্রামের মৃত ইয়ার আলী শেখের ছেলে।

স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, বিএনপি সমর্থিত পটু শেখ নিজ বাড়িতে অবস্থান করছিলেন এমন সময় ওই গ্রামের নাশকতা মামলার আসামি ও আওয়ামী লীগ সমর্থিত আলামিন ঠাকুর, কাঞ্চন ঠাকুর, আনিস ঠাকুরসহ ১৫/১৬ জন দেশীয় অস্ত্রসজ্জিত হয়ে তার ঘরে ঢুকে তার হাত এবং পা পিটিয়ে ভেঙে দেয়। অনেক চেষ্টা করেও তার স্ত্রী তাকে উদ্ধার করতে পারে নাই। এ সময় পটু শেখ এর স্ত্রী ও আহত হন। এ সময় স্বজনরা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পটু শেখকে আহত অবস্থায় হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করেন।

ওই গ্রামের প্রতিপক্ষের ঠাকুর গ্রুপের নেতা আলামিন ঠাকুরকে একাধিকবার ফোন করা হলেও তার ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত অজিতকুমার রায় বলেন ঘটনার সত্যতা পেয়েছি। পটুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। এখনও মামলা হয় নাই। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।