
শেরপুরের ঝিনাইগাতীতে (১৪) বছর বয়সী রাকিব হোসেনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলাকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার।
শনিবার সকাল ১১ ঘটিকায় রাকিবের বাবা ছাহের আলী সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, একই এলাকার হাবিবুল্লাহ তার অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে রাকিবের জোরপূর্বক বিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি প্রতিশোধমূলকভাবে রাকিবের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা করেছেন।
ছাহের আলী জানান, মামলার কথিত ঘটনার দিন রাকিব এলাকায় ছিলেনই না; তিনি ঢাকায় অবস্থান করছিলেন। তবুও পরিকল্পিতভাবে একটি নাবালক ছেলেকে ফাঁসানোর উদ্দেশ্যে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে বলে দাবি পরিবারের।
এ ঘটনায় রাকিবের পরিবার ইতিমধ্যে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছে। তারা দাবি করছেন—ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে রাকিবকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে এবং যাহারা ষড়যন্ত্র করে একটি শিশুকে হয়রানির চেষ্টা করছেন, তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
রাকিবের পরিবার আরও জানায়, একটি শিশুর ভবিষ্যৎ নষ্ট করতে কেউ যেন আইনের অপব্যবহার করতে না পারে—সে বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেন তারা।
আপনার মতামত লিখুন :