আলীকদমে বিপন্ন ভাল্লুকের বাচ্চা উদ্ধার করলেন লামা বনবিভাগ | Daily AjKaler Kontho

আলীকদমে বিপন্ন ভাল্লুকের বাচ্চা উদ্ধার করলেন লামা বনবিভাগ


মো.জয়নাল আবেদীন, বান্দরবান প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
আলীকদমে বিপন্ন ভাল্লুকের বাচ্চা উদ্ধার করলেন লামা বনবিভাগ

পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় বিপন্ন প্রজাতির একটি কালো ভাল্লুকের বাচ্চা উদ্ধার করেছে লামা বন বিভাগ। বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নির্দেশে তৈন রেঞ্জের আওতাধীন আলীকদম বাজার এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে ভাল্লুকের বাচ্চাটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নেতৃত্বে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট আলীকদম বাজারের পাশের একটি পরিত্যক্ত স্থান থেকে ভাল্লুকের বাচ্চাটি উদ্ধার করা হয়। এসময় উদ্ধার অভিযানে সাথে ছিলেন” তৈন রেঞ্জ কর্মকর্তা মো.আরিফুল ইসলাম। বিশেষ টহল দলের টিম লিডার রনি পারভেজ ও ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের প্রতিনিধি।

তৈন রেঞ্জ কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, পাচার বা ক্ষতির শিকার হতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ভাল্লুকের বাচ্চাটি উচ্চতা ১৮ ইঞ্চি, লম্বা ২০ ইঞ্চি, ওজন প্রায় ৬ কেজি এবং বয়স আনুমানিক ৩মাস বলে নিশ্চিত করেন তিনি।

উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করে লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেওয়ায় বিপন্ন প্রজাতির ভাল্লুকের বাচ্চাটি নিরাপদ ও সুস্থ রয়েছে। ভাল্লুকের বাচ্চাটি ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি