আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জে ধানের শীষের গণ মিছিল অনুষ্ঠিত | Daily AjKaler Kontho

আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জে ধানের শীষের গণ মিছিল অনুষ্ঠিত


তাহিরপুর,সুনামগঞ্জ প্রতিনিধি : প্রকাশের সময় : নভেম্বর ২৩, ২০২৫, ৮:৩৮ অপরাহ্ন
আনিসুল হকের সমর্থনে জামালগঞ্জে ধানের শীষের গণ মিছিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ- ১ আসনে বিএনপির প্রার্থী আনিসুল হকের সমর্থনে ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখর হয়েছে জামালগঞ্জ। রোববার বাদ আছর উপজেলার সাচনাবাজারে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।

এরআগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সাচনাবাজারে জড়ো হন তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকরা। পরে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো.শাহজাহানের নেতৃত্বে গনমিছিলটি সাচনাবাজার প্রদক্ষিণ করে। এ সময় কয়েক হাজার কৃষক, শ্রমিক,জনতা নেচেগেয়ে ধানের শীষের শ্লোগান তুলেন। ধানের শীষের শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

মিছিল শেষে পথসভায় জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান বলেন, সুনামগঞ্জ- ১ আসনে ৬ জন মনোনয়নের জন্য লড়াই করেছেন। সবাই দলের যোগ্য প্রার্থী। ৬ জন থেকে দল যাচাই বাছাই করে আনিসুল হককে মনোনয়ন দিয়েছেন। এখন দায়িত্ব হচ্ছে সবাই মিলে ধানের শীষের প্রার্থী আনিসুল হককে সাহায্য করা। যারা মনোনয়ন পাননি অবশ্যই দল তাদের মূল্যায়ন করবে।

আসুন সবাই মিলে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করি।এসময় আরো বক্তব্য রাখেন, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান, সাচনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুক মিয়া প্রমুখ।

আজকালের কন্ঠ/ আর এস/ এম