সবার সহযোগিতা পেলে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আল | Daily AjKaler Kontho

সবার সহযোগিতা পেলে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আল


কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৯:৫৪ অপরাহ্ন
সবার সহযোগিতা পেলে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আল

স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “দেশের পরিস্থিতি এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। সবাই দায়িত্বশীল হলে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।”

শনিবার সন্ধ্যায় কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ট্যুরিজম পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে সফল করতে রাজনৈতিক দল, জনগণ, নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

তিনি মন্তব্য করেন, “সবাই নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব। বর্তমানে নির্বাচন আয়োজনের মতো উপযুক্ত পরিবেশ রয়েছে। নির্বাচনকালীন সময়ে বিভিন্ন ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, এতে অস্থিরতা সৃষ্টি হয়নি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

সমুদ্র নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের সমুদ্র সীমায় নিরাপত্তা জোরদারে কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে।

তিনি জানান, অনেক সময় জেলেরা অজান্তে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় তারা আটক হন।

“জেলেদের প্রণোদনা বাড়াতে সরকার কাজ করছে”— যোগ করেন তিনি।

কৃষি উৎপাদন নিয়ে মন্তব্য

কৃষি প্রসঙ্গে তিনি বলেন, এ বছর আমনের উৎপাদন সন্তোষজনক হয়েছে।

তিনি জানান, “কৃষকরাই জাতির মেরুদণ্ড। তাদের ফসলের ওপরই দেশের জীবন-জীবিকা নির্ভরশীল। কিন্তু তাদের সুখ-দুঃখের কথা আমরা অনেক সময়ই গুরুত্ব দিই না—এটি পরিবর্তন করা প্রয়োজন।”

পুলিশ বাহিনীর উন্নতি

পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির বিষয়েও তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, পুলিশের মানসিকতা, মনোবল ও দক্ষতা আগের তুলনায় অনেক বেড়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যারা-

পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

আনসার ও ভিডিপির বিভাগীয় উপ-মহাপরিচালক আব্দুস সামাদ

অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক

কুয়াকাটা রিজিয়নের এডিশনাল ডিআইজি অর্ণিমান চাকমা

পটুয়াখালী ব্যাটালিয়নের ব্যাটালিয়ন কমান্ডার (সিও) সদন চাকমা

জেলা কমান্ডার শফিকুর রহমান

পরিদর্শন শেষে তিনি কুয়াকাটা সমুদ্র সৈকতও ঘুরে দেখেন। পরে তিনি কুয়াকাটায় রাত্রিযাপন করবেন বলে জানা গেছে।