নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু | Daily AjKaler Kontho

নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


সুশীল আচার্য্য, নেত্রকোনা জেলা প্রতিনিধি: প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
নেত্রকোণার কেন্দুয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। মারা যাওয়া শিশু সম্পর্কে খালাত ও মামাত ভাই- বোন।শনিবার দুপুর পৌনে ১২ টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান গ্রামে এই দুই শিশু মারা যায়। দুই শিশু হচ্ছে— উপজেলার কালিয়ান গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে শাহাদাৎ ওরফে চাঁদ (৭) এবং একই উপজেলার শিবপুর গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে তাসফিয়া আক্তার (৭)।

স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, গতকাল শুক্রবার আকষ্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কালিয়ান গ্রামের বাসিন্দা গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ। মারা যাওয়া শিশু শাহাদাতের বাবা ফেরদৌস মিয়া প্রয়াত বিএনপি নেতা মোহাম্মদ তমজিদের ভাই।

শোকে ভারাক্রান্ত এই পরিবারটির বাড়িতে স্বজনের আসেন গতকাল। এই অবস্থার মধ্যে আজ দুপুরের দিকে তিন শিশু বাড়ির পাশের পুকুরে যায়। এক পর্যায়ে শাহাদাৎ ও তাসফিয়া পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা আরেক শিশু দ্রুত বাড়িতে গিয়ে খবর দিলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

আজকালের কন্ঠ/আর এস/এস