এনসিপির নবগঠিত ৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জনের পদত্যাগ | Daily AjKaler Kontho

এনসিপির নবগঠিত ৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জনের পদত্যাগ


আজকালের কন্ঠ ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন
এনসিপির নবগঠিত ৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জনের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দফায় দফায় পদত্যাগের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে জেলা আহ্বায়ক কমিটির অনুমোদন প্রকাশ করা হয়। কিন্তু প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে একে একে নেতারা পদত্যাগের ঘোষণা দিতে থাকেন।

বুধবার (১২ নভেম্বর) সকালে প্রথম পদত্যাগকারী সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, আজ আমরাই বৈষম্যের শিকার হলাম। কেন্দ্রীয় নেতারা পছন্দের মানুষ দিয়ে কমিটি করেছে তাই পদত্যাগের হিড়িক পড়েছে। সব মিলিয়ে এ কমিটি আর চলার মতো অবস্থায় নেই।

তিনি বলেন, ৪১ সদস্যের কমিটি থেকে ২৩ জন পদত্যাগ করেছেন। এর মধ্যে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, শহীদ পরিবারের সদস্য, জুলাই আহত যোদ্ধা থেকে শুরু করে অনেকে রয়েছেন। আমরা সংবাদ সম্মেলন করে এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করব। এটা আমাদের প্রতিবাদ। আমরা কথা ও প্রতিবাদ চালিয়ে যাব।

সূত্র জানায়, কমিটি ঘোষণার পর প্রথমেই পদত্যাগ করেন ইয়াছিন আরাফাত। তার পরপরই যুগ্ম সদস্য সচিব–১ ব্যতীত অন্য সব যুগ্ম সদস্য সচিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিবসহ একাধিক পদধারী নেতাকর্মী একযোগে পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা অভিযোগ করেন, তৃণমূলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করে কেন্দ্রীয় পর্যায়ে লবিংয়ের ভিত্তিতে কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকৃত ত্যাগী ও মাঠের নেতারা উপেক্ষিত হয়েছেন।

একাধিক পদত্যাগকারী জানিয়েছেন, তারা সংগঠনের প্রতি অনুগত থাকলেও ন্যায়বিচারহীন এ কমিটিতে থেকে তাদের রাজনৈতিক আদর্শের সঙ্গে আপস করা সম্ভব নয়।

জানা গেছে, পদত্যাগকারীদের মধ্যে শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে আহত যোদ্ধারাও রয়েছেন। ফলে বিষয়টি ইতোমধ্যেই সংগঠনের ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজকালের কন্ঠ/আর বি