
আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তার আগে প্রস্তুতির অংশ হিসেবে ১৩ নভেম্বর নেপালের মুখোমুখি হবে স্বাগতিকেরা। এই দুই ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার কিউবা মিচেল। তার সঙ্গে ডাক পেয়েছেন ফর্টিস এফসির উইঙ্গার মোরশেদ আলীও।
৩০ অক্টোবর থেকে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। পাঁচ দিনের অনুশীলনের পর ৫ নভেম্বর বাফুফে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে। রোববার (৯ নভেম্বর) দুপুরে ক্যাম্পে যোগ দিচ্ছেন বসুন্ধরা কিংসের কিউবা মিচেল এবং মোরশেদ আলী।
জানা গেছে, ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়া সাম্প্রতিক চোটে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত তারা দল থেকে বাদ পড়েছেন। তাদের বিকল্প খেলোয়াড় হিসেবে কিউবা ও মোরশেদকে দলে নিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
ইংল্যান্ডের সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২১ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে কিউবার। বসুন্ধরা কিংসে যোগ দেয়ার পর থেকেই তাকে জাতীয় দলে আনার আলোচনা চলছিল। তবে পাসপোর্ট সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া এবং নিয়মিত ম্যাচ খেলার ঘাটতির কারণে আগের দুই উইন্ডোতে তাকে দলে ডাকা হয়নি। অবশেষে সব বাধা কাটিয়ে জাতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেলেন তিনি।
মিডফিল্ডের ডিফেন্সিভ, সেন্ট্রাল ও অ্যাটাকিং তিন ভূমিকায়ই খেলতে সক্ষম কিউবা, যা তাকে দলে একটি বহুমুখী অপশন করে তুলেছে। অন্যদিকে অনূর্ধ্ব-২৩ দলে দৃষ্টিকাড়া পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন উইঙ্গার মোরশেদ আলী।
জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায় আজ বিকেলে কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ দল। ৫-৮ নভেম্বর পর্যন্ত অনুশীলনে মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। আজ কোচ কাবরেরা ১৫ মিনিটের জন্য মিডিয়া সেশন উন্মুক্ত রাখবেন।
আজকালের কন্ঠ/আর এস
আপনার মতামত লিখুন :