রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে বিএনপি অনেক বড় অবিচার করেছে: হিরো আলম | Daily AjKaler Kontho

রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে বিএনপি অনেক বড় অবিচার করেছে: হিরো আলম


বিনোদন ডেস্ক প্রকাশের সময় : নভেম্বর ৪, ২০২৫, ১:২৮ অপরাহ্ন
রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে বিএনপি অনেক বড় অবিচার করেছে: হিরো আলম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৬৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা করেনি। এর মধ্যে বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন রয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থীতার তালিকায় জায়গা হয়নি বিএনপির নেত্রী রুমিন ফারহানার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন না পাওয়ায় কোনো প্রতিক্রিয়া জানান তিনি। তবে মন্তব্যে করতে বসে থাকেননি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

গতকাল সোমবার প্রার্থীদের নাম ঘোষণার কয়েক ঘণ্টা পর এক পোস্টে আলম লিখেছেন, ‘বিএনপির দুঃসময়ের সাথী, ত্যাগী নেত্রী, স্বৈরাচারের যম, প্রতিবাদী কণ্ঠ রুমিন ফারহানা আপা। আমার ওপর বারবার হামলা হলে বজ্রকণ্ঠে গণমাধ্যমে প্রতিবাদ করেছেন তিনি। বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার দৌড়ে সবার চেয়ে বহুগুণ এগিয়েছিলেন তিনি। সেই রুমিন ফারহানা আপাকে নমিনেশন না দিয়ে তার প্রতি বিএনপি অনেক বড় অবিচার করেছে। আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি।’

এরপর তিনি যোগ করেন, ‘সেইসাথে আগামীদিনের দেশ গড়ার নায়ক তারেক রহমান ভাইয়ের প্রতি অনুরোধ, বিষয়টি বিশেষভাবে বিবেচনা করবেন। স্বৈরাচারমুক্ত দেশ গড়তে রুমিন ফারহানা আপার মতো মানুষের আমাদের ভীষণ দরকার।’

আজকালের কন্ঠ/আর বি