আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় থাকবেন ডা. শফিকুর রহমান: রেজাউল করিম | Daily AjKaler Kontho

আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় থাকবেন ডা. শফিকুর রহমান: রেজাউল করিম


জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৫, ৯:৪৭ পূর্বাহ্ন
আগামী দিনে রাষ্ট্র পরিচালনায় থাকবেন ডা. শফিকুর রহমান: রেজাউল করিম

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, “আগামী দিনে রাষ্ট্র পরিচালনা হবে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে।”

তিনি বলেন, “আমরা শাসক হতে চাই না, আমরা ক্ষমতাবান হতে চাই না। আমাদের আমীরে জামায়াত একজন মানবিক নেতা। ডা. শফিকুর রহমান বলেছেন— আমরা এ দেশের মানুষের সেবক হয়ে সেবা করতে চাই।”

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের মিয়া রাস্তার মাথা এলাকায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. রেজাউল করিম আরও বলেন, “আপনারা কি আমাদের দাঁড়িপাল্লায় সমর্থনের জন্য প্রস্তুত আছেন? ইনসাফভিত্তিক কোরআনের সমাজ, চাঁদাবাজি ও লুন্ঠনমুক্ত সমাজ, ন্যায় ও উন্নয়নের সমাজ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন। আমাদের যদি ভোট দেন, আমরা আপনাদের কার্ড দেবো না— ওমরের মতো রাষ্ট্রের যত সুবিধা আছে, আল্লাহর কসম, কাঁধে করে আপনাদের বাড়িতে পৌঁছে দেবো ইনশাআল্লাহ।”

পথসভায় শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সচিব মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।