
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার সখিপুর বাজারে উদ্বোধন হয়েছে সাজেদা জাব্বার হাসপাতাল লিমিটেডের।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সাজেদা জাব্বার হাসপাতালের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শাজাহান মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য মনিরুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের বিএনপির সম্ভাব্য মনোনীত প্রার্থী জনাব শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর-২ আসনের জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী ডাক্তার মাহমুদ হোসাইন বকাউল, সখিপুর থানা বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম সরদার, সখিপুর থানা যুবদলের সভাপতি মোশতাক আহমেদ মাসুম বালা, সখিপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজীব সরদার।
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান মানিক সরদার, সখিপুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ সরদার, নিহাদ মাহমুদ সরদার, সখিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফাইজুল আহমেদ সরদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হাসপাতালটি ১২ শতক জায়গার ওপর চারতলা ভবন নিয়ে যাত্রা শুরু করেছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসক দলের মাধ্যমে এখানে জরুরি সেবা, মাতৃত্ব ও শিশু বিভাগ, মেডিসিন, সার্জারি, ল্যাব ও ডায়াগনস্টিক সুবিধা চালু করা হয়েছে।
হাসপাতালের চেয়ারম্যান শাজাহান মুন্সী বলেন, “সখিপুর ও আশপাশের মানুষ যেন রাজধানীতে না গিয়েও মানসম্মত চিকিৎসা পায়—সেই লক্ষ্যেই সাজেদা জাব্বার হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়েছে। ধীরে ধীরে এটিকে একটি পূর্ণাঙ্গ বিশেষায়িত হাসপাতালে রূপ দেওয়া হবে।”
জনাব শফিকুর রহমান কিরণ বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সখিপুরে সাজেদা জাব্বার হাসপাতালের উদ্বোধন নিঃসন্দেহে এ অঞ্চলের মানুষের জন্য একটি আশার আলো। দীর্ঘদিন ধরে গ্রামীণ মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকার যে কষ্ট ছিল, এই হাসপাতাল সেই শূন্যতা পূরণ করবে। আমরা চাই—রাজনীতি যেভাবেই চলুক, জনগণের সেবা কখনো থেমে না যাক। এই হাসপাতাল হবে মানবতার সেবাকেন্দ্র, দলীয় নয়—জনগণের।”
ডা. মাহমুদ হোসাইন বকাউল বলেন, “একটি উন্নত সমাজ গঠনের জন্য সুস্থ জনগোষ্ঠী অপরিহার্য। সাজেদা জাব্বার হাসপাতাল প্রতিষ্ঠা শুধুমাত্র একটি ভবন নয়, এটি মানবতার প্রতি একটি দায়বদ্ধতার প্রকাশ। এখানে গরিব রোগীরাও যেন সেবাবঞ্চিত না হন—সেই নিশ্চয়তা দিতে হবে। চিকিৎসকদের মানবিকতা ও সততা এই হাসপাতালের প্রাণ হবে।”
মাজহারুল ইসলাম সরদার বলেন, “আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। সাজেদা জাব্বার হাসপাতাল সখিপুরের মানুষের বহু দিনের চাহিদা পূরণ করেছে। এ প্রতিষ্ঠানের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য হবে বলে আশা করি। যারা এই মহান উদ্যোগ নিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।”
মোশতাক আহমেদ মাসুম বালা বলেন, “আমাদের তরুণ প্রজন্ম চায়—রাজনীতি হোক উন্নয়ন, মানবতা ও সেবার রাজনীতি। সাজেদা জাব্বার হাসপাতাল তারই উদাহরণ। এই হাসপাতালের সেবার মান ধরে রাখতে আমরা তরুণ সমাজ সর্বাত্মক সহযোগিতা করব। যুবদল সবসময় জনকল্যাণের পাশে থাকবে।”
কামরুল হাসান রাজীব সরদার বলেন, “একটি সমাজের উন্নতি তখনই সম্ভব, যখন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত হয়। সাজেদা জাব্বার হাসপাতাল সেই লক্ষ্যেই কাজ করবে বলে আমি বিশ্বাস করি। আমরা চাই, এখানে প্রতিটি মানুষ সমানভাবে সেবা পাক—কেউ যেন অবহেলিত না থাকে। এই হাসপাতাল হোক মানবতার প্রতীক।”
সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার বলেন, “চরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত ছিল। এই হাসপাতাল তাদের জন্য আশার আলো।”
স্থানীয়রা মনে করছেন, সাজেদা জাব্বার হাসপাতাল লিমিটেডের উদ্বোধনের মাধ্যমে সখিপুর অঞ্চলে মানসম্পন্ন চিকিৎসা সেবার নতুন অধ্যায় শুরু হলো।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :