
লক্ষ্মীপুরের রায়পুরে হত্যা মামলার প্রধান আসামি ও কিশোর গ্যাংয়ের প্রধান জোবায়ের হোসেন (২৩) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম বিমানবন্দর টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে রায়পুর থানায় নিয়ে আসে পুলিশ। জানা গেছে, তিনি সৌদি আরব পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
গ্রেফতারকৃত জোবায়ের রায়পুর উপজেলার চরআবাবিল ইউনিয়নের উদমারা গ্রামের আবদুর রহিমের ছেলে। তিনি একই গ্রামের দিনমজুর জাহাঙ্গীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি। মামলায় এ পর্যন্ত তিনজন কারাগারে, চারজন উচ্চ আদালত থেকে জামিনে এবং দুইজন এখনো পলাতক রয়েছেন।
রায়পুর থানার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো. জামাল হোসেন জানান, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উদমারা গ্রামে এলাহি বক্স পাটওয়ারী বাড়ির সামনে এক শিশুকে ঢিল মারার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় জোবায়েরের নেতৃত্বে সন্ত্রাসীরা জাহাঙ্গীর হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরসহ তার পরিবারের চারজনকে কুপিয়ে জখম করে। পরে আহতদের মধ্যে জাহাঙ্গীর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
ঘটনার পর নিহতের স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জোবায়েরসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০–১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
এ ঘটনার প্রতিবাদে গত ১২ এপ্রিল ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। তারা অভিযোগ করেন, জোবায়েরের নেতৃত্বে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল। প্রায়ই বাড়িঘরে হামলা, ভাঙচুর ও কুপিয়ে আহতের ঘটনা ঘটত। মানববন্ধনে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে খুনি জোবায়েরসহ সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :