
কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন ২৮০ জন নারী-পুরুষ। শুক্রবার দিনব্যাপী দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ ক্যাম্পে চোখের সাধারণ সমস্যা, ছানি, দৃষ্টিশক্তি পরিমাপসহ নানা ধরনের চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
চিকিৎসা কার্যক্রমের তত্ত্বাবধান করেন কুমিল্লা চক্ষু হাসপাতাল, যা বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির একটি প্রতিষ্ঠান। হাসপাতালের আটজন অভিজ্ঞ চিকিৎসকের একটি দল পুরো ক্যাম্প পরিচালনা করেন। চিকিৎসক দল চোখে ছানি পড়া ৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন। আগামী শনিবার ও রবিবার পর্যায়ক্রমে এসব রোগীর ছানি অপারেশন করা হবে কুমিল্লা চক্ষু হাসপাতালে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিম। প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এম.কে. আহসান।
এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, সহ-সভাপতি ডা. এ.এফ.এম কামাল উদ্দিন সেলিম ও মো. বদিউল আলম লিটন, যুগ্ম-সম্পাদক এ কে এম সিরাজুল ইসলাম কালাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজালাল খান সামস, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মোতাহার হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. জসিম উদ্দিন সরকার, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. ফরিদ উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সেবায় দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন সেবামূলক কর্মসূচি গ্রহণ করবে।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :