
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুদ্বীপ প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের জন্য নির্মিত উপাসনাস্থল উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর ২০২৫) সকালে এক অনাড়ম্বর আয়োজনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম নামফলক উন্মোচনের মাধ্যমে উপাসনাস্থলের উদ্বোধন করেন।
উপাসনাস্থল উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন,
“আজকের এই উপাসনাস্থল উদ্বোধনের মাধ্যমে আমরা নজরুলের চেতনায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার পথে এক ধাপ এগিয়ে গেলাম। বিশ্ববিদ্যালয়ে প্রথম যোগদানের পর থেকেই এই উপাসনালয় নির্মাণের দাবি ছিল, বিশেষত সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে। শুরুতে অবকাঠামোগত নানা সীমাবদ্ধতা থাকলেও এখন সেটি বাস্তবায়ন করতে পেরে আমরা গর্বিত। এখানে সব ধর্মের মানুষ নিজেদের উপাসনা ও ধর্মীয় কার্যাবলী শান্তিপূর্ণভাবে সম্পাদন করতে পারবে—এটাই প্রকৃত মানবতার প্রকাশ।”
তিনি আরও জানান, উপাসনাস্থলটির কিছু কাজ এখনো অসম্পূর্ণ থাকলেও খুব শিগগিরই তা সম্পূর্ণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং চারুকলা বিভাগের প্রধান প্রফেসর ড. তপন কুমার সরকার।
ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন—সনাতন ধর্মের পক্ষ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বিপ্লব দাশ, খ্রিষ্টান ধর্মের পক্ষ থেকে লোক প্রশাসন ও সরকার পরিচালনাবিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রাবণ চিছা, এবং বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী সুবেশ চাকমা।
তারা সবাই উপাচার্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবায়িত হলো। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ নজরুল বিশ্ববিদ্যালয়কে সত্যিকার অর্থে সম্প্রীতির বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, প্রকৌশলীসহ বিভিন্ন সম্প্রদায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পাশাপাশি নির্মিত তিনটি ভবনের মধ্যে একটি সনাতন, একটি বৌদ্ধ এবং একটি খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উপাসনাস্থল হিসেবে নির্ধারিত হয়েছে।
আপনার মতামত লিখুন :