পিআর পদ্ধতি ছাড়া ভোট ডাকাতি বন্ধ হবে না : আব্দুর রউফ | Daily AjKaler Kontho

পিআর পদ্ধতি ছাড়া ভোট ডাকাতি বন্ধ হবে না : আব্দুর রউফ


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ন
পিআর পদ্ধতি ছাড়া ভোট ডাকাতি বন্ধ হবে না : আব্দুর রউফ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : পিআর পদ্ধতি ছাড়া এই দেশে ভোট ডাকাতি বন্ধ হবে না। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের শাসনামলে আমরা কেউ ভোট দিতে পারি নাই বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা কাজী মোঃ আব্দুর রউফ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরোও বলেন, আমরা আর অতীতের মতো কোন প্রহসনের নির্বাচনী ব্যবস্থা চাই না। স্বাধীনতার পর থেকে আমরা সুষ্ঠু নির্বাচন দেখি নাই। ভোট ডাকাতি বন্ধ করতে পিআর পদ্ধতিতে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। বর্তমান যে সরকার রয়েছে তার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে এই দেশে যেন আর ফ্যাসিবাদী কায়েম হতে না পারে।

আব্দুর রউফ বলেন, আজ থেকে বহু বছর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেয়ারটেকার সরকারের জন্য মিছিল করেছিল। কিন্তু সেই কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী খুব ভালো করেই বুঝেছে এই দেশে কেয়ারটেকার সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না। বর্তমান যিনি সরকার রয়েছে তাকে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ধামরাই থানার আমীর ও আসন সচিব মাওলানা মোঃ আঃ হালিম। বিক্ষোভ মিছিলটি বিকেল সাড়ে ৫টার দিকে ধামরাই উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড থেকে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধামরাই উপজেলা মূল ফটকের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামরাই উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, পৌরসভা শাখার আমীর মাওলানা শামছুল আলম, সাধারণ সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ প্রমুখ।

 

আজকালের কন্ঠ / ওপেল / এম