
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির অভিযোগে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (আইএমওডি) একটি ইউনিটের জন্য ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বন্ধ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ। তিনি বলেন, আমি জানাতে চাই, মাইক্রোসফট ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ইউনিটের জন্য নির্দিষ্ট কিছু সেবা বন্ধ ও নিষ্ক্রিয় করেছে।
মাইক্রোসফট জানিয়েছে, তারা কখনোই ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গ্রাহক কনটেন্টে প্রবেশ করেনি। তবে অভ্যন্তরীণ রেকর্ড, আর্থিক ও যোগাযোগ সংক্রান্ত নথিপত্র পর্যালোচনার মাধ্যমে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে নেদারল্যান্ডসে অ্যাজুর স্টোরেজ ও এআই সেবা ব্যবহারের বিষয়টি।
আর এসব প্রমাণের ভিত্তিতে তারা আইএমওডি-কে নির্দিষ্ট ক্লাউড স্টোরেজ ও এআই সেবা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে এবং সংশ্লিষ্ট সব সাবস্ক্রিপশন নিষ্ক্রিয় করেছে।
বিবৃতিতে স্মিথ বলেন, সিদ্ধান্তটি আইএমওডি-এর সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে যেন মাইক্রোসফটের সেবা বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক নজরদারিতে ব্যবহৃত না হয়, সে বিষয়ে তারা পদক্ষেপ নেবে।
তিনি আরও জানান, এ সিদ্ধান্ত ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাইবার নিরাপত্তা সুরক্ষায় মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ কাজকে প্রভাবিত করবে না। এ ক্ষেত্রে আব্রাহাম চুক্তির আওতায় চলমান সহযোগিতাও অব্যাহত থাকবে।
দ্য গার্ডিয়ানকে ধন্যবাদ জানিয়ে স্মিথ বলেন, এই পর্যালোচনা এখনও চলমান এবং আগামী দিনগুলোতে এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
সূত্র: আনাদোলু
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :