
আন্তর্জাতিক ডেস্ক : ২০২১ সালে ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের বিভিন্ন বিষয়ে নিষেধাজ্ঞা দিয়ে আসছে তালেবান সরকার। এবার বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই সরিয়ে দিয়েছে তালেবান সরকার। একইসঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠদানের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৬৮০টি বইকে ‘উদ্বেগজনক’ বলে চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে প্রায় ১৪০টি বই নারী লেখকদের লেখা। এই তালিকায় ‘সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি’ নামের বইও রয়েছে।
তালেবান সরকারের মতে, এসব বই ‘শরিয়াহ ও সরকারের নীতির পরিপন্থি’। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা ১৮টি বিষয় পড়াতে পারবে না।এগুলোর সবকটিই নারীবিষয়ক যেমন- ‘জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট’, ‘দ্য রোল অব উইমেন ইন কমিউনিকেশন’ এবং ‘উইমেন’স সোসিওলজি’। তালেবান সরকারের দাবি, তারা আফগান সংস্কৃতি ও ইসলামী শরিয়াহর ব্যাখ্যা অনুযায়ী নারীদের অধিকারকে সম্মান করে।
চার বছরের শাসনামলে আফগানিস্তানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা সীমিত করেছে তালেবান। ২০২৪ সালের শেষের দিকে ধাত্রীবিদ্যা (মিডওয়াইফারি) কোর্স বন্ধ করে দেওয়ায় নারীদের সর্বশেষ পেশাগত প্রশিক্ষণের পথটিও বন্ধ হয়ে যায়।
আজকালের কন্ঠ /আর এস
আপনার মতামত লিখুন :