গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া | Daily AjKaler Kontho

গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৪৬ পূর্বাহ্ন
গ্রেপ্তার ইস্যু নিয়ে অবশেষে মুখ খুললেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে আটক হন। পরে ভাটারা থানার জুলাইয়ে ঘটিত একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। ওই সময় তাকে গ্রেপ্তার করা নিয়ে বিস্ময় প্রকাশ করেছিলেন শোবিজ ইন্ডাস্ট্রির অনেক তারকা।

নিউইয়র্ক থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের গণমাধ্যম ঠিকানা-এর বিশেষ শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন এ অভিনেত্রী।

ফারিয়া বলেন, এ রকম কিছু হবে কখনো কল্পনাও করিনি। দুঃস্বপ্নেও ভাবিনি। যে জীবনটা স্কিন কেয়ার, মেকআপ, একটু ঘোরাফেরা, শপিং, পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটানো এই ছোট ছোট জিনিসেই খুশি ছিলাম, সেখানে এত বড় জটিলতা এসে গেল। কী করব, কী করব না এসব ভাবতে গিয়ে ভীষণ হতাশ হয়েছি।

তিনি আরও যোগ করেন, আমি মনে করি, এটাকেই বড় হওয়া বলে। পরিস্থিতি মানুষকে বড় করে। ওই ঘটনার পর আমি মানসিকভাবে অবশ্যই আরও বড় হয়েছি। এটা আমার প্রথম সাক্ষাৎকার, আমি আগে কোথাও কথা বলিনি।

অভিনেত্রীর মতে, যা তার সঙ্গে ঘটেছে, তা অন্য কারও সঙ্গেও ঘটতে পারত। তবে তিনি ভাগ্যবান যে, মানুষের ভালোবাসা, পরিবারের দোয়া ও আশীর্বাদে কঠিন সময় কাটিয়ে আবারও কাজে ফিরতে পেরেছেন।

জামিন পাওয়ার ১০-১৫ দিন পরই তিনি শুটিংয়ে ফিরেছেন জানিয়ে ফারিয়া বলেন, পুরো ঘটনাটা আমাকে শিখিয়েছে কোনো কিছুই স্থায়ী নয়। জীবন খুবই অস্থায়ী, অনিশ্চয়তায় ভরা। সৎ থাকলে পৃথিবীর কোনো খারাপ শক্তি তোমাকে চিরদিন আটকে রাখতে পারবে না। বিপদের মুখে পড়লেও সৃষ্টিকর্তা নিজেই রক্ষা করবেন এটাই আমার সবচেয়ে বড় শিক্ষা।

নুসরাত ফারিয়ার মতে, সেই কঠিন সময় তাকে শুধু মানসিকভাবে পরিণতই করেনি, বরং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে দিয়েছে।

আজকালের কন্ঠ/আর বি