
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প্রসব বেদনায় কাতর এক নারীকে ছাত্রদল নেতার সহযোগিতায় হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে এক সন্তানসম্ভবা নারী প্রসববেদনায় কাতরাচ্ছিলেন। পরিস্থিতি ছিল অত্যন্ত সংকটজনক। এসময় জবি ছাত্রদল নেতা ফজলে রাব্বি কয়েকজন নারী শিক্ষার্থীর সাহায্য চাইলে তারা সাড়া দেননি।
এ বিষয়ে ফজলে রাব্বি বলেন, “নারীর বিপদে যদি একজন নারীও পাশে না দাঁড়ান, সেটি কষ্টের বিষয়। আমি ৯৯৯-এ কল দিয়েও এম্বুলেন্স পাইনি। পরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক স্যারের সঙ্গে যোগাযোগ করি। মাত্র পাঁচ মিনিটের মধ্যে স্যার বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেন।”
তিনি আরও বলেন,, রোগী সরাসরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না হলেও মানবিক কারণে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে শ্যামলী হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে।এই মা ও অনাগত শিশুর জীবনে জবির অ্যাম্বুলেন্স হয়তো কিছুটা সহায় হতে পেরেছে। জবিয়ান হিসেবে সেটাই আমাদের জন্য স্বস্তির।”
প্রসঙ্গত, ফজলে রাব্বি ইসলামিক স্টাডিজ বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী।
আপনার মতামত লিখুন :