মওলানা ভাসানী সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নারী নিহত | Daily AjKaler Kontho

মওলানা ভাসানী সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নারী নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২৪, ২০২৫, ২:৪৭ অপরাহ্ন
মওলানা ভাসানী সেতুর সড়কে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি : তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে মোটরসাইকেলের ধাক্কায় খদেজা বেগম (৮০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় কুড়িগ্রামের চিলমারী উপজেলার দুই থানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খদেজা বেগম ওই এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে অনেকে সেতু দেখতে যাচ্ছিলেন। ওই সময় রাস্তা পার হওয়ার সময় খদেজা বেগমকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তাদের অভিযোগ, সেতু চালুর পর এটিই প্রথম দুর্ঘটনা। সকাল থেকে রাত পর্যন্ত বেপরোয়া গতিতে মোটরসাইকেল চলাচল করায় এ দুর্ঘটনা ঘটে।

চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এতে একজন মারা গেছেন। নিহতের নাতি মো. মোস্তাফিজ রহমান জানান, মোটরসাইকেলের ধাক্কায় তার নানী নিহত হওয়ার খবর পেয়ে মরদেহ বাড়িতে আনা হয়। পরে রাত ১০টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (২০ আগস্ট) দুপুরে গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের বহুল প্রতীক্ষার মাওলানা ভাসানী সেতু উদ্বোধন করেন স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু উদ্বোধনের একদিনের মধ্যেই শুরু হয় অনিয়ম ও বিপত্তি। সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক ক্যাবল চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যা নামলেই সেতু ডুবে যাচ্ছে অন্ধকারে।

উদ্বোধনের দিন রাতেও সেতুতে আলো জ্বলেনি। এতে হাজারো দর্শনার্থীকে পড়তে হয় চরম বিড়ম্বনায়। এ ঘটনায় এলজিইডির গাফিলতি ও অবহেলাকেই দায়ী করছেন এলাকাবাসী।

আজকালের কন্ঠ/আর বি