নীলফামারীতে ট্রাক্টর চাপায় মোটর সাইকেল চালক নিহত | Daily AjKaler Kontho

নীলফামারীতে ট্রাক্টর চাপায় মোটর সাইকেল চালক নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন
নীলফামারীতে ট্রাক্টর চাপায় মোটর সাইকেল চালক নিহত

নীলফামারী জেলা প্রতিনিধি : নীলফামারীতে বালুর ট্রাক্টর চাপায় রাশেদুল ইসলাম (২৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) দুপুরে নীলফামারী-জলঢাকা সড়কের কচুকাটা বাজারের বন্দরপাড়া এলাকায় তিস্তা সেচ ক্যানেল ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম নীলফামারী সদর উপজেলার কচুকাটা বড়বাড়ি এলাকার মাহাবুল ইসলামের ছেলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর থেকে তারকাটা কিনে মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রাশেদুল। পথে নীলফামারীগামী দুটি ট্রাক্টরকে অতিক্রমের সময় তার মোটর সাইকেলটি সামনের ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগলে তিনি সড়কে পড়ে যান। এ সময় পেছনে থাকা আরেকটি ট্রাক্টর তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ জানান, ঘটনার পরপরই ট্রাক্টর আটক করা হয়েছে। চালক পালাতক রয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এবং আইনি ব্যবস্থা নেয়া হবে।

আজকালের কন্ঠ/আর বি