বজ্রপাতে ঝরলো প্রাণ, সান্ত্বনা নিয়ে পাশে ইউএনও | Daily AjKaler Kontho

বজ্রপাতে ঝরলো প্রাণ, সান্ত্বনা নিয়ে পাশে ইউএনও


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অগাস্ট ১৯, ২০২৫, ৪:৪৭ অপরাহ্ন
বজ্রপাতে ঝরলো প্রাণ, সান্ত্বনা নিয়ে পাশে ইউএনও

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী গ্রামে বজ্রপাতে আবু তালেব (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকাল প্রায় ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিজের ধানের জমিতে কাজ করছিলেন আবু তালেব। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দীর্ঘদিন প্রবাসে কাটিয়ে সম্প্রতি জমিতে কৃষিকাজ শুরু করেছিলেন তিনি। হঠাৎ এ অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রামে নেমে আসে গভীর শোক।

সংবাদটি গণমাধ্যমে প্রকাশিত হলে উপজেলা প্রশাসনের নজরে আসে। ঘটনার পরদিন সোমবার বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস নিহতের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন,মানুষ মানুষের জন্য। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা এবং বৈরী আবহাওয়ায় নিরাপদ আশ্রয়ে থাকার বিকল্প নেই। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন সবসময় থাকবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকাবাসীকে সচেতন থাকার পাশাপাশি বজ্রপাতের ঝুঁকি এড়াতে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

 

আজকালের কন্ঠ/আর এস/সাহাবুল