
নড়াইলপ্রতিনিধিঃ কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. আবু তালেব মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫০ বছর।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার নিকটতম আত্মীয় ইউপি সদস্য মো. সাবু সরদার। আজ রবিবার মাগরিব বাদ তার নিজ বাড়ি গন্ডব গ্রামে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বলে তিনি নিশ্চিত করেন।
রোববার (১৭ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
জানা গেছে, ভোর ৪টার দিকে গ্যাস্ট্রিকজনিত সমস্যায় অসুস্থতা অনুভব করলে তাকে কারা অধিদপ্তরের সরকারি বাসা থেকে প্রথমে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। পরে ল্যাবএইড হাসপাতাল এবং সেখান থেকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ইসিজি করার পর তাকে মৃত ঘোষণা করেন।
আবু তালেব নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের মো. মগবুল শেখের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন। কর্মজীবনে তিনি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন অমায়িক, সহজ-সরল ও পরোপকারী ব্যক্তি ছিলেন।
বর্তমানে তিনি কারা অধিদপ্তর হেডকোয়ার্টার্সের এআইজি প্রশাসনিক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি ঠাকুরগাঁও জেলা কারাগারে জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে তিনি সাতক্ষীরা, নাটোর, যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবনে নড়াইলের লোহাগড়া থেকে উঠে আসা আবু তালেব জীবনের শুরুতে নানা কষ্টের মধ্য দিয়ে পথ চলেছেন। যশোর এম এম কলেজে পড়াশোনা শেষে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করে তিনি তৎকালীন ডেপুটি জেলার পদে যোগদান করেন। সেখান থেকে ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ এআইজি (প্রিজন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তাঁর হঠাৎ মৃত্যুতে কারা প্রশাসনসহ সহকর্মীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর এস/ইমরান
আপনার মতামত লিখুন :