
বিশেষ প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরায় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে অলৌকিকভাবে বড় ধরনের দুর্ঘটনা এড়িয়ে অল্প আহত হয়ে প্রাণে রক্ষা পেয়েছেন অন্তত ২০ যাত্রী।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৫) দুপুরে জাজিরা উপজেলার কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ‘শরীয়তপুর সুপার সার্ভিস’ পরিবহনের, যা নড়িয়া থেকে প্রায় ২০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পথিমধ্যে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় যাত্রীদের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক যাত্রী জানালার পথ দিয়ে বের হয়ে কোনোরকমে নিজেদের প্রাণ বাঁচান।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পরে বিকল্প একটি বাসে করে যাত্রীদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন,
“বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছিল। সৌভাগ্যবশত কেউ গুরুতর আহত হননি। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”
এই দুর্ঘটনায় বড় ধরণের ক্ষয়ক্ষতি না হলেও যাত্রীদের দ্রুত উদ্ধার ও সহায়তার জন্য স্থানীয় পুলিশ এবং বাস কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রশংসিত হয়েছে। তবে বৃষ্টির সময় সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।
আজকালের কন্ঠ/আর বি
আপনার মতামত লিখুন :