বড়াইগ্রামে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক নিহত | Daily AjKaler Kontho

বড়াইগ্রামে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক নিহত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন
বড়াইগ্রামে প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক নিহত

মোঃ সাহাবুল আলম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েন পশ্চিম পাড়া হাইওয়ে সড়কে প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হাসেন আলী (৪৮) নামের এক ভ্যানচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ শনিবার (২৬ জুলাই) দুপুর আনুমানিক ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসেন আলী নাটোরের বনপাড়া পৌরসভার খাটাশকুল গ্রামের বাসিন্দা এবং তিনি নিজেই ভ্যানটির মালিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসেন আলী যাত্রী নিয়ে কয়েন পশ্চিম পাড়া সড়ক দিয়ে চলাচল করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে দুর্ঘটনার পরপরই প্রাইভেট কারের চালক পালিয়ে যায়।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, “মর্মান্তিক এই দুর্ঘটনায় একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে, চালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিহত হাসেন আলীর মৃত্যুতে এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

আজকালের কন্ঠ/আর বি/এস