শরীয়তপুরের জাজিরায় ৫০ বছরের পুরোনো কবরস্থান রক্ষায় সহযোগিতার আহ্বান | Daily AjKaler Kontho

শরীয়তপুরের জাজিরায় ৫০ বছরের পুরোনো কবরস্থান রক্ষায় সহযোগিতার আহ্বান


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৫, ৫:১৩ অপরাহ্ন
শরীয়তপুরের জাজিরায় ৫০ বছরের পুরোনো কবরস্থান রক্ষায় সহযোগিতার আহ্বান

বিশেষ প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগরে অবস্থিত প্রায় ৫০ বছরের পুরোনো বিকেনগর নূরানী মডেল কবরস্থান এখন রক্ষণাবেক্ষণ সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষজনের শেষ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত এই কবরস্থানটি রক্ষায় সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।

এই কবরস্থানটি প্রতিষ্ঠিত হয়েছিল মাদবর পরিবারের চার সদস্য—শাহেদ আলী মাদবর, ওয়াহেদ আলী মাদবর, তাহের আলী মাদবর ও এরশাদ মাদবর—এর দান করা প্রায় ৮০ শতাংশ জমির ওপর। বর্তমান কবরস্থানের আয়তন ৮ শতাংশ হলেও, অতীতে এই জমিটি নিচু ও প্লাবনপ্রবণ হওয়ায় কবরস্থানটি প্রায় ধ্বংসের মুখে পড়ে। তবে স্থানীয়দের উদ্যোগ ও মাদবর পরিবারের আর্থিক সহায়তায় ইতোমধ্যে মাটি ভরাট, বাঁশঝাড় পরিষ্কারসহ প্রাথমিক অবকাঠামোগত উন্নয়নকাজে প্রায় ১৪-১৫ লাখ টাকা ব্যয় হয়েছে।

২৫ নম্বর বিকেনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর আবু সাইদ জানান, “এই কবরস্থানটি আমার দাদাদের দান করা জমিতে প্রতিষ্ঠিত। বহু বছর ধরে আমাদের এলাকার মানুষ এখানে দাফন হয়ে আসছেন। একে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।”

৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ মাদবর বলেন, “প্রাথমিক উন্নয়নকাজ চললেও, এখনো অনেক কাজ বাকি। কবরস্থানে নিরাপত্তা দেয়াল, গেট এবং রাতের জন্য লাইটিং ব্যবস্থা এখন সময়ের দাবি।”

এ বিষয়ে বিকেনগর জামে মসজিদের ইমাম আবুল হোসেন বলেন, “কবরস্থানের কাজ এখনো অসম্পূর্ণ। জায়গাটিকে পুরোপুরি সুরক্ষিত করতে হলে আরও আর্থিক সহায়তা প্রয়োজন।”

জনসচেতনতা ও সহযোগিতা প্রয়োজন স্থানীয়রা জানান, এই কবরস্থানটি কেবল একটি সমাধিস্থল নয়, এটি এলাকাবাসীর ঐতিহ্য ও আত্মিক বন্ধনের প্রতীক। তাই কবরস্থানটির উন্নয়ন ও সুরক্ষায় স্থানীয় সরকার, প্রবাসীসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

সকলের সম্মিলিত সহযোগিতা পেলে বিকেনগর নূরানী মডেল কবরস্থানটি রক্ষা পাবে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুরক্ষিত ও সম্মানজনক সমাধিস্থল হিসেবে টিকে থাকবে বলে বিশ্বাস এলাকাবাসীর।

আজকালের কন্ঠ/আর বি