আজো থেমে থেমে বৃষ্টি | Daily AjKaler Kontho

আজো থেমে থেমে বৃষ্টি


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : অক্টোবর ২৪, ২০২০, ১১:২০ পূর্বাহ্ন
আজো থেমে থেমে বৃষ্টি

নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃহস্পতিবার থেকে বৃষ্টি হচ্ছে। আজো সারাদেশে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি বৃষ্টি ঝরিয়ে দুর্বল হতে থাকায় সমুদ্রবন্দরে চার নম্বর সংকেত নামিয়ে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এদিকে রাজধানীতে সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে। রাজধানীতে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হতে পারে। এ সময়ে আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে টানা তিন দিনের বর্ষণে বরগুনাসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। দেশের বিভিন্ন জেলায় ভারি বৃষ্টিতে ক্ষতি হয়েছে আগাম শীতকালীন সবজির। এর আগে গত কয়েক মাসে ভারি বৃষ্টি ও বন্যায় সবজি উৎপাদন কমেছে। কৃষকরা আশায় ছিলেন, রোদ ঝলমলে আবহাওয়া পেলেই মাঠ থেকে আগাম সবজি তুলে আয় করা যাবে। কিন্তু সে আশা ভেঙে গেল এই নিম্নচাপে।

আবহাওয়া অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্থল নিম্নচাপের প্রভাবে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুরসহ বিভিন্ন এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।