রাতের আঁধারে অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ ছাগল জবাই করে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা | Daily AjKaler Kontho

রাতের আঁধারে অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ ছাগল জবাই করে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৬, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন
রাতের আঁধারে অস্বাস্থ্যকর পরিবেশে অসুস্থ ছাগল জবাই করে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

সোহেল রানা, তারাগঞ্জ(রংপুর) প্রতিনিধি : আজকে (২৬ জুন) বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর ঘনিরামপুরের দৌলতপুর এলাকায় উপজেলা প্রাণিসম্পদ অফিসের কোন লাইসেন্স না নিয়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে প্রত্যয়ন ছাড়া অসুস্থ ছাগল জবাই করে বিক্রি করে এরকম অভিযোগের ভিত্তিতে মো: জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ থেকে জানা যায় এবং সরেজমিনে গিয়ে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে প্রাণিসম্পদ অফিসের কোন রকম লাইসেন্স এবং প্রত্যয়ন ছাড়া প্রতিদিন রাত ২টা থেকে -৫টা পর্যন্ত অসংখ্য অসুস্থ ছাগল, ভেড়া জবাই করে বিভিন্ন জেলার নামি-দামি হোটেলে সরবরাহ করা হয়। উক্ত ব্যক্তিকে প্রাণিসম্পদ অফিস থেকে কয়েকবার নিষেধ করা হলেও উনি গোপনে এই ধরনের কার্যকলাপ চালিয়ে যান। অভিযানে প্রায় ৩০ কেজি পঁচা খাসির কলিজা, ফুসফুস, মাথা এবং ২৫ কেজি পঁচা ভুড়ি জব্দ করে ধ্বংস করা হয়। উক্ত ব্যক্তিকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর আওতায় ২৫০০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: রুবেল রানা।

এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার জনাব মো: ইফতেখায়রুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযানে তারাগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন। এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আজকালের কন্ঠ/রাহাত/সোহেল