ময়মনসিংহে বেলতলী ব্রীজ এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের দুর্ঘটনা | Daily AjKaler Kontho

ময়মনসিংহে বেলতলী ব্রীজ এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের দুর্ঘটনা


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : জুন ২৫, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
ময়মনসিংহে বেলতলী ব্রীজ এলাকায় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের দুর্ঘটনা

ব্যুরো চীফ ময়মনসিংহ : অদ্য সকাল ৬টা ৪৫ মিনিটে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেলতলী ব্রীজের অদূরে মেঘনা গ্রুপ ডেপোর সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। শেরপুরগামী এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো ড-১৪-৮৫৮৬) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি উচ্চ গতিতে চলছিল এবং সম্ভবত চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। ট্রাকটিতে থাকা গ্যাস সিলিন্ডারগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে, ফলে এক পর্যায়ে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি তবে চালক ও সহকারী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল, তবে পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আজকালের কন্ঠ/রাহাত/ব্যুরো