ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করল আদালত | Daily AjKaler Kontho

ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করল আদালত


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : মে ৩০, ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করল আদালত

আন্তর্জাতিক ডেস্ক : বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিতের মার্কিন আদালতের রায় স্থগিত করা হয়েছে। আপাতত শুল্ক আবার চালু করেছে মার্কিন ফেডারেল আপিল আদালত।

শুক্রবার (৩০ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিলস বৃহস্পতিবার এক জরুরি আদেশে বাণিজ্য আদালতের রায় কার্যকর হওয়া থেকে সাময়িক বিরতি দেয়। এই আদেশে আদালত কোনও ব্যাখ্যা দেয়নি, তবে মামলার বাদী পক্ষকে ৫ জুনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল, শুল্ক কার্যক্রম বন্ধ হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে। আদালত এই যুক্তিকে মেনে নিয়েই আপাতত শুল্ক চালু রাখার অনুমতি দিয়েছে। হোয়াইট হাউস এই আদেশকে স্বাগত জানিয়েছে।

হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেন, আমরা যদি কোনও শুল্ক মামলায় হেরে যাই, তাহলেও অন্য পথ খুঁজে বের করব।