
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা: পর্যটননগরী কুয়াকাটায় মেরিন ড্রাইভ সড়কের নির্মাণকাজে সিডিউল বহির্ভূত ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ অঞ্চলে গুরুত্বপূর্ণ এ সড়কটির নির্মাণে মানহীনতা ও অনিয়ম দেখা দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে ধোলাইবাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ সড়কটির বেশ কয়েকটি স্থানে পঁচা ও ভাঙা ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে। সিডিউল অনুযায়ী যেখানে প্রাইম কোট দেওয়ার পর বিটুমিন দেওয়ার কথা, সেখানে কোনো প্রাইম কোট ছাড়াই ধুলাবালির উপরেই বিটুমিন ঢালাই করা হচ্ছে। ফলে স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে গুরুতর শঙ্কা।
এ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে এলজিইডির ‘বরিশাল বিভাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ’ প্রকল্পের আওতায়। এর ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৬১ লাখ টাকা। বাস্তবায়নের দায়িত্বে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান বরেন্দ্র কনস্ট্রাকশন।
সড়কটিতে ১৬ ফুট প্রস্থ এবং ৪০ মিলিমিটার কার্পেটিং করার কথা থাকলেও অনেক জায়গায় তা মানা হচ্ছে না বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা বলছেন, দীর্ঘদিনের অপেক্ষার পর এ গুরুত্বপূর্ণ সড়কটি নির্মাণ শুরু হলেও এমন অনিয়ম মেনে নেওয়া যায় না। পর্যটনকেন্দ্রের সড়কে এমন নিম্নমানের কাজ ভবিষ্যতে বড় ধরণের ক্ষতির কারণ হতে পারে।
এ বিষয়ে কুয়াকাটা এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মাহফুজুর রহমান বলেন, “সড়কটি নির্মিত হলে আমাদের ব্যবসা ও যোগাযোগে অনেক সুবিধা হতো। কিন্তু নির্মাণ কাজ দেখে মনে হচ্ছে, কিছুদিনের মধ্যেই আবার তা নষ্ট হয়ে যাবে।”
অভিযোগ প্রসঙ্গে এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান জানান, বিষয়টি জানার পর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে সিডিউল অনুযায়ী কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “নিয়ম লঙ্ঘনের কোনো সুযোগ নেই। আমরা মাঠপর্যায়ে নিয়মিত তদারকি করছি।”
তবে স্থানীয়দের দাবি, কেবল নির্দেশনা নয়—মানসম্পন্ন নির্মাণকাজ নিশ্চিত করতে প্রকল্পটির কার্যক্রমে নিয়মিত মনিটরিং ও স্বচ্ছ তদন্ত জরুরি।
আপনার মতামত লিখুন :