কলমাকান্দায় ভারতীয় রুপি চিনিসহ এক ব্যাক্তি আটক | Daily AjKaler Kontho

কলমাকান্দায় ভারতীয় রুপি চিনিসহ এক ব্যাক্তি আটক


আজকালের কণ্ঠ প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৫, ২:২৯ অপরাহ্ন
কলমাকান্দায় ভারতীয় রুপি চিনিসহ এক ব্যাক্তি আটক

নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ভারতীয় রুপি ও পণ্যসহ মো. ময়নাল (৪৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (২৩ এপ্রিল) তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। আটককৃত মো. ময়নাল খারনৈ ইউনিয়নের হাটগোবিন্দপুর গ্রামের গাজীউর রহমানের ছেলে।

বিজিবির বরুয়াকোনা সীমান্ত বিওপি’র নায়েক মো. শহিদুল ইসলাম বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা জিবিসি স্কুলসংলগ্ন এলাকা থেকে ময়নালকে আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১১৮১ নম্বর মেইন পিলার থেকে প্রায় ২০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৮ হাজার ৭৩০ ভারতীয় রুপি, ১২ কেজি ভারতীয় চিনি, একটি মোবাইল ফোন ও একটি কালো বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবির বরুয়াকোনা বিওপির নায়েক শহিদুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। জব্দকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় ভারতীয় পণ্য পাচার রোধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

এ বিষয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, বিজিবির দায়ের করা মামলায় ময়নালকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।