
আজকালের কন্ঠ ডেস্ক : ২০২৪ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে আশ্রয় চেয়ে আবেদন করেছেন বাংলাদেশের প্রায় ৪৩ হাজার ২৩৬ নাগরিক। তবে সাড়া মিলেছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ।
গতসোমবার (৩ মার্চ) ইউরোপের আশ্রয় সংস্থা ইউরোপীয় ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলাম (ইইউএএ) প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে দেখা গেছে, গত বছর মোট ৪৩ হাজার ২৩৬ জন বাংলাদেশি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় চেয়েছিলেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪০ হাজার ৩৩২ জন। তবে, আশ্রয়প্রার্থী বৃদ্ধির কারণ প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
গত বছর ইতালিতে সর্বাধিক ৩৩ হাজার ৪৫৫ বাংলাদেশি আশ্রয় চেয়েছিলেন। ২০২৩ সালে এই সংখ্যা ছিল ২৩ হাজার ৪৪৮ জন। গত বছর ইতালিতে আশ্রয়প্রার্থীর সংখ্যা ছিল মোট আবেদনকারীর ২১ শতাংশ।
বাংলাদেশ থেকে ফ্রান্সে আশ্রয়প্রার্থীর সংখ্যা কমেছে। ২০২৩ সালে আশ্রয়প্রার্থী ছিলেন ১০ হাজার ২১৫ জন। কিন্তু ২০২৪ সালে তা কমে হয় ০৬ হাজার ৪২৯ জন। গ্রিসে ২০২৩ সালে আবেদন করেছিল ৬৪০ বাংলাদেশি। গত বছর আবেদন করেছিল০১ হাজার ০৪ জন।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইউরোপীয় ইউনিয়ন, নরওয়ে ও সুইজারল্যান্ডে ১০ লাখের বেশি লোক আশ্রয়ের আবেদন করে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ কম।
জার্মানিতে আবেদন করে দুই লাখ ৩৭ হাজার লোক, যা আগের বছরের তুলনায় ২৯ শতাংশ কম। জার্মানির পর স্পেন, ইতালি ও ফ্রান্সের প্রতিটিতে এক লাখ ৬০ হাজার আশ্রয়প্রার্থী আবেদন করেছিল।
আপনার মতামত লিখুন :