
বিনোদন ডেস্ক : মারাঠি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির জ্যেষ্ঠ পুত্র ছত্রপতি সম্ভাজির জীবন কেন্দ্র করে তৈরি হয়েছে ‘ছাবা’ সিনেমা। সম্ভাজির চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ভিকি কৌশল ও সম্ভাজির স্ত্রী মহারানি জেশুবাইয়ের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা।
আর অক্ষয় খান্নাকে দেখা গেছে আওরঙ্গজেবের ভূমিকায়। শিবাজি সবন্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত এ সিনেমায় মোগল বাহিনী কীভাবে সম্ভাজির ওপর অত্যাচার করেছিল, তার বিবরণ তুলে ধরা হয়েছে।
এ সিনেমায় সম্ভাজিকে সব দুর্গ ও ধনসম্পদ সমর্পণ করে অবশেষে ইসলাম ধর্মগ্রহণ করতে বলেছিলেন আওরঙ্গজেব। কিন্তু তিনি তা করতে অস্বীকার করেন। ফলস্বরূপ তাকে দেওয়া হয়েছিল মৃত্যুদণ্ড।
গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) মোদি জানান— ‘ছাবা’ সিনেমা সারা দেশে ঝড় তুলেছে। চলচ্চিত্র জগতে মহারাষ্ট্র ও মুম্বাইয়ের অবদান নিয়ে বলতে গিয়ে এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দিল্লির একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেছিলেন—মুম্বাইসহ সমগ্র মহারাষ্ট্রই মারাঠি ও হিন্দি সিনেমাকে সমৃদ্ধ করেছে। আর আজকাল তো সারা দেশে ‘ছাবা’ আলোড়ন তুলেছে।
উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘ছাবা’। শুক্রবার পর্যন্ত এ ছবি বক্স অফিসে ২১৯.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে।
আপনার মতামত লিখুন :