
কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর কলাপাড়ায় ৫ফুট দৈর্ঘ্যের একটি বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে এনিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্যরা।
গত শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব হলদিবাড়িয়া গ্রামের দেওয়ান বাড়ির কবরস্থান থেকে জালে পেঁচানো সাপটি উদ্ধার করা হয়।
সাপ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা এ্যানিমেল লাভারর্স অফ পটুয়াখালীর উদ্ধারকর্মী মাসুদ হাসান বলেন, ৩টার দিকে আমাদের সংগঠনের হটলাইন নম্বরে একটি কল আসে, খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের সহকর্মী মঞ্জিল, মাহাবুব ঘটনাস্থলে গিয়ে দেখে শঙ্খিনী সাপটি জালে আটকা পড়ে আছে।
আমরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করি। অতঃপর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। এটি স্থানীয়দের কাছে দু’মুখো সাপ নামেও পরিচিত।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর টিম লিডার বায়েজিদ মুন্সী বলেন, শঙ্খিনী সাপ মূলত শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত এসব সাপ মানুষ এড়িয়ে চলে। এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকি স্বরূপ নয় মোটেও।
তবে শিকারে বেশ দ্রুত। অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে। তিনি আরও বলেন, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে, প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে। চলতি বছর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি এ জাতীয় সাপ উদ্ধার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :